হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদের এই আবহাওয়ায় শরীর বারবার ঘামে ভিজে আর শুকায়। সঙ্গে চুলও ঘামে ভেজা এবং স্যাঁতসেঁতে হয়ে পড়ে। তাই বাইরে থেকে এসে ভালো করে চুল ধুয়ে নিতে হয়। কিন্তু কাজের চাপ ও সময়ের অভাবে প্রতিবার চুল ধুয়ে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তখন আপনি কী করবেন? কিছু পরামর্শ অনুসরণ করে সহজে আপনার ঘামে ভেজা চুলকে গুছিয়ে নিতে পারেন। টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজর দেখে নিই :
১. কাজের শেষে পনিটেইল বা খোঁপা করা চুল খুলে নিন। এর পর ভালো করে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন।
২. এখন হেয়ার ড্রায়ার ব্যবহার করে ঘামে ভেজা চুল শুকিয়ে নিন।
৩. হালকা শাওয়ার (গোসল) নিতে চাইলে চুল ওপর করে বেঁধে নিন, যাতে ভিজে না যায়।
৪. এ ছাড়া ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ড্রাই শ্যাম্পু ঘামে ভেজা চুলের জন্য বেশ কার্যকর। আঙুলের সাহায্যে ড্রাই শ্যাম্পু মাথার তালুতে লাগিয়ে নিন। তারপর চুলকে ব্লো ড্রাই করে নিন, যাতে ঝরঝরে হয়।
৫. প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার করা ঠিক নয়। এতে চুল ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। শ্যাম্পুর পরিবর্তে ক্লিনজিং কন্ডিশনার ব্যবহার করে ঘাম দূর করতে পারেন।
৬. এ ছাড়া গরমে বের হওয়ার আগে চুলের গোড়ায় ড্রাই শ্যাম্পু দিয়ে নিতে পারেন। এতে মাথা ও চুল অতিরিক্ত ঘাম থেকে রক্ষা পাবে।
৭. হেয়ার স্টাইল করার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে চুল বেঁধে ফেলবেন না। হালকা পনিটেইল অথবা সাইড ক্লিপ দিয়ে সামনের চুল গুছিয়ে নিন। সবচেয়ে ভালো হয় চুল খোলা রাখলে।
0 comments:
Post a Comment