হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত



হবিগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। গাজীপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ : আজ সকাল পৌনে ৭টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত হন দুটি গাড়ির আট যাত্রী।

সংঘর্ষের কারণে দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাস। আর পাথরবোঝাই ট্রাকটি আছড়ে পড়ে পাশের একটি গার্ড শেডে।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বায়েজিদ মিয়া, গৌতম দাশ, মাইক্রোচালক আল-আমিন ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মুস্তাকিমুল হকের স্ত্রী জরিফ বেগম। নিহত অন্য এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত মোস্তাকিমুল হক জানান, তাঁরা গ্রামীণফোনের টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজ করেন। আজ ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব থেকে সিলেটের জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনায় তাঁর  স্ত্রী জরিফ বেগম নিহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এর আগেই আহত আটজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : আজ সকাল ৭টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা বাজারে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী আবদুল খালেক কাজীকে (৯০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আবদুল খালেকের বাড়ি চাপ্তা গ্রামে।

দুপুর ১টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রেললাইন নির্মাণকাজে নিয়োজিত একটি ট্রাক মাদ্রাসা শিক্ষার্থী নাদিরা খাতুনকে (১৪) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাদিরা কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আবদুল খালেক কাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাকন রেজা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আজ দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক তরুণ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের কুল বেগম (৮০) ও গান্ধীগাঁও গ্রামের আহমেদ শরীফ (২৬)।

স্থানীয়রা জানান, দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন বৃদ্ধা কুল বেগম। অপরদিকে একই সময়ে ঝিনাইগাতী-শেরপুর সড়কের পাগলার মুখ এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় ট্রাকচাপায় নিহত হন আহমেদ শরীফ।

নাসির আহমেদ, গাজীপুর : গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, বগুড়ার ইয়ন গ্রুপের রিজার্ভ করা হানিফ পরিবহনের একটি বাস ওই গ্রুপের ৩৮ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। তেঁতুইবাড়ি এলাকায় অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তাঁরা।

মহব্বত হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, ভোর ৫টার দিকে পণ্যবাহী একটি ট্রাক শিবপুরে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ওই চালকের সহকারী আহত হন। তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment